নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ১৩ই নভেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন দলটির নেতা–কর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে নাওডোবা এলাকায় তারা অবস্থান নেন। এ সময় নাওডোবার তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে আটটার পর কিছু যানবাহন সেতু পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে আন্দোলনকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়।
অবরোধের ফলে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয়রা আটকে পড়া যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করেন।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার জানান, বুধবার ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে অগ্নিসংযোগের পর আজকের অবরোধের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কারণে সকাল থেকে জেলার কোনো সড়কেই বাস চলাচল করেনি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, সকাল থেকে পদ্মা সেতুর পশ্চিম প্রান্তে আন্দোলনকারীরা অবস্থান নেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে পুলিশ আটকে থাকা কিছু যানবাহনকে পারাপারে সহায়তা করে।