নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ৮ই ডিসেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন আয়োজনের কোনো শর্ত ছিল না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য তুলে ধরার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক দলগুলো এখন নিজেদের ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করতে পারছে না। “এটা কি নতুন? ওয়ান-ইলেভেনের পরেও একই অবস্থা হয়েছিল। আমরা কথা বলার জাতি—মুখে মুখে আলোচনা হয়, দাঙ্গা হয় না।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক ক্যাওয়াজ তখনই বলা যায় যখন সরকার একদিকে আর রাজনৈতিক দলগুলো অন্যদিকে থাকে। আমাদের কেউ কি ঘাড় ধরে বলেছে যে দেড় বছরের মধ্যে নির্বাচন দিতে হবে? দায়িত্ব নেওয়ার সময় এমন কোনো শর্তই ছিল না। আমরাই শুধু বলেছি, নির্বাচন হবে।”
নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, “আমি ভুলে গেছি; নির্বাচন নিয়ে আমার বলার কিছু নেই। সেটা নির্বাচন কমিশনই বলবে।”
তিনি আরও বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন ও একটি নির্বাচিত সরকার প্রয়োজন। “ইউনিভার্সাল ডেমোক্রেটিক প্রসেস টিকে থাকা উচিত। গত ১৭–১৮ বছরে তা প্রতিষ্ঠা হতে দেখিনি। আমরা যদি এটি করতে পারি, সেটাই হবে আমাদের বড় সাফল্য।”