নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ১৩ই নভেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। জাতির কাছে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে সিইসি বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান থেকে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য বদ্ধপরিকর। তবে নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “সংলাপটি অনেক আগেই করার পরিকল্পনা ছিল, কিন্তু রাজনৈতিক নেতারা বর্তমানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট ও প্রস্তাব নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করছেন। আমরা চাইনি একই ব্যক্তিদের সঙ্গে সমান্তরালভাবে ভিন্নমুখী আলোচনা চালাতে, যাতে বিভ্রান্তি না হয়। তাই ঐক্যমত্য কমিশনের ফলাফলের জন্য অপেক্ষা করেছি।”
সিইসি জানান, আচরণবিধির খসড়া প্রকাশের পর রাজনৈতিক দল ও বিভিন্ন সংস্থা লিখিত মতামত দিয়েছে, যেগুলো যথাসম্ভব অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, “আচরণবিধি অনুযায়ী পোস্টার টানানো নিষিদ্ধ। যারা ইতিমধ্যে পোস্টার লাগিয়েছেন, অনুগ্রহ করে নিজেরাই তা সরিয়ে ফেলুন—এটাই হবে ভদ্রতার পরিচয়। নিয়ম ভঙ্গের ঘটনা ঘটলে আমরা কঠোর ব্যবস্থা নেব, কোনো পক্ষপাত করা হবে না।”
আজকের সংলাপে ১২টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।