;

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : সেনাসদর

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : সেনাসদর

ছবি সংগৃহীত

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি, আর্টডক)।

বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, “সরকারের ঘোষিত রূপরেখা অনুযায়ী সেনাবাহিনী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা বিশ্বাস করি, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেই মুহূর্তের অপেক্ষায় আছি।”

তিনি আরও বলেন, সরকারের নির্ধারিত রূপরেখার ভিত্তিতে সেনাবাহিনী এখন থেকেই যথাযথ প্রস্তুতি নিচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেও নির্বাচনের সময়কার করণীয়কে গুরুত্ব দিয়ে ফোকাস রাখা হচ্ছে।

প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা সব সময় বলে থাকি- ‘উই ট্রেইন এজ উই ফাইট’।

গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি বলেন, “এটি সহজ সময় ছিল না। অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতিতে আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। নির্বাচন পর্যন্ত কিংবা কিছুটা পরেও হয়তো আমাদের বাইরে থাকতে হতে পারে। তবে আমরা চাই দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সেনাবাহিনী সেনানিবাসে ফিরে আসুক।”