;

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্টা

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ও গণভোট—দুটিই বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন হবে পাঁচ বছরের জন্য, কিন্তু গণভোট নির্ধারণ করবে দেশের আগামী দীর্ঘ শত বছরের পথচলা। গণভোটের মাধ্যমে বাংলাদেশকে স্থায়ীভাবে বদলে দেওয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি ইউএনওদের উদ্দেশে বলেন, ‘আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করে স্মরণীয় করে রাখতে হবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া ও গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

তফসিল ঘোষণার পর কে কোন দায়িত্ব পালন করবেন, তা নিয়ে এখন থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার পরামর্শও দেন তিনি।

গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটারদের সচেতন করতে হবে। তাদের বোঝাতে হবে—আপনারা মন ঠিক করে আসুন, “হাঁ”-তে ভোট দেবেন নাকি “না”-তে।’

আগের সময়ের নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘বিগত আমলে নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। এবারকার নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়; বরং এটি একটি ঐতিহাসিক দায়িত্ব।’

এ সময় ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শন, সংশ্লিষ্ট সব পক্ষ, স্থানীয় মানুষ ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি নিতে নির্দেশ দেন তিনি।