নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : মঙ্গলবার ২১শে অক্টোবর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি স্থগিত রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে আলোচনা ও সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি মিললেই কিস্তির অর্থ ছাড় করা হবে।
প্রসঙ্গত, এই কিস্তিতে আইএমএফ থেকে বাংলাদেশের ৮০ কোটি ডলার পাওয়ার কথা। তবে নির্বাচনপূর্ব সময়ে সংস্থাটি অর্থ ছাড়ে অনিচ্ছা প্রকাশ করেছে।
ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত জানায় আইএমএফ। তিনি জানান, ডিসেম্বরেই কিস্তি ছাড় হওয়ার কথা ছিল, তবে নির্বাচন পূর্ববর্তী অনিশ্চয়তায় তা স্থগিত রাখা হয়েছে।
অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আইএমএফ কঠিন শর্ত দিলে বাংলাদেশ তা মানবে না। এখন দেশ আগের মতো সংকটে নেই।”
বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে আইএমএফ শর্ত বাস্তবায়নে চাপ প্রয়োগ করছে। নতুন সরকার আসার পর তাদের কাছ থেকে সংস্কার প্রতিশ্রুতি নিয়েই ঋণ ছাড়তে চায় সংস্থাটি।
আগামী ২৯ অক্টোবর আইএমএফ প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে। দুই সপ্তাহ তারা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে মূল্যায়ন প্রতিবেদন দাখিল করবে, যার ওপরই নির্ভর করবে কিস্তি ছাড়ের সিদ্ধান্ত।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২১৪ কোটি ডলার এবং রেমিট্যান্স ও রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে।