;

নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনের ফলাফল স্থগিত রাখা হয়। পরবর্তীতে প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি।

প্রকাশিত গেজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা-মাতার নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে এখন সেই ২৯৭ আসনের গেজেট প্রকাশ করা হলো।

এবারের নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। দলটির মিত্র গণঅধিকার পরিষদ, বিজেপি ও গণসংহতি আন্দোলন পেয়েছে একটি করে আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। আরেক শরিক বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২টি আসন এবং খেলাফত মজলিশ পেয়েছে ১টি আসন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।