;

নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা ভুল: সেনাপ্রধান

নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা ভুল: সেনাপ্রধান

ছবি সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “দেশের জনসংখ্যার ৫০ শতাংশ নারী, তাদের বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে।”

গতকাল শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “আমরা অনেকেই স্বশিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো ফল করি, উচ্চতর ডিগ্রি অর্জন করি, বড় পদে যাই—তবুও নৈতিকতার অভাব থাকলে আমরা প্রকৃত অর্থে ভালো কাজ করতে পারি না। শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়াই বড় বিষয়।”

তিনি আরও বলেন, “আমরা নারী নেতৃত্ব চাই, নারীর ক্ষমতায়ন চাই। সে জন্য নারীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ক্যাডেট কলেজ সেই লক্ষ্যেই কাজ করছে।”

অনুষ্ঠানে পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। তিনি অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং অ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটসের (এজেইসি) সভাপতি মৌসুমী শিখাও বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ অন্যান্য অতিথিরা।