;

মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

ছবি সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারি (৬৮)-কে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম।

ওসি জানান, এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন আব্দুল করিম। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে এবং পরে পুলিশকে খবর দেয়।

তিনি বলেন, “জুতার মালা পরানোর বিষয়টি আমি নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেছেন।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় সমাজকর্মীরা নিন্দা জানিয়েছেন।

ময়মনসিংহ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, “একজন বৃদ্ধকে এভাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পরানো সামাজিক অবক্ষয় ছাড়া কিছু নয়। কেউ অপরাধ করলে আইনের মাধ্যমে বিচার হতে হবে; মানুষকে অবমাননা করে নয়।”