নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ১৮ই মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।
পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় আসেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করে। এ সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ।
তিনি আরও জানান, মিষ্টি বাড়ৈয়ের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।