নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ২১শে জুন ২০২৫, ০১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
মায়ের সঙ্গে অর্ষা।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা হারালেন তাঁর সবচেয়ে বড় আপনজনকে। শুক্রবার (২০ জুন) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তাঁর মা মাসুদা হক। সময়টা ছিল রাত ১১টা ৪০ মিনিট।
দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন অর্ষার মা। অসুস্থ মায়ের সেবায় দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে খানিকটা দূরে ছিলেন অর্ষা। যতটা সময় পারতেন, মায়ের পাশেই থাকতেন।
তবে মায়ের মৃত্যুতে শোকের পাশাপাশি হাসপাতাল সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী, অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন—ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর। হলে হাসপাতালে যাবেন না। সাংবাদিকদের বলি—ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, যদি সততার দম থাকে, তাহলে হাসপাতালে ঘুরে দেখুন। কী দুরাবস্থা! কী অবস্থা হাসপাতালগুলোর! সেবা বলে কিছু নেই—সবই টাকার খেলা। চিকিৎসা ব্যবসা না সু-চিকিৎসা সেবা?
অর্ষা অভিনয় জগতে পা রেখেছিলেন একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এরপর এক যুগেরও বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তিনি নিজের অভিনয়ের ছাপ রেখে যাচ্ছেন। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’—এসব ওটিটি প্রজেক্টে তাঁর ভিন্নধর্মী চরিত্রের জন্য তিনি প্রশংসিতও হয়েছেন।