;

ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ এখন রাজনীতির অংশ বাকি আছে, মাগুরাবাসীর জন্য করতে চাই: সাকিব

ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ এখন রাজনীতির অংশ বাকি আছে, মাগুরাবাসীর জন্য করতে চাই: সাকিব

ছবি সংগৃহীত

২০২৪ সালে ভারত সিরিজের পর আর বাংলাদেশের জার্সিতে মাঠে নামেননি সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল—তিনি কি অনানুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন? এবার সেই ধোঁয়াশা নিজেই দূর করলেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার।

বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে সাকিব জানান, এখনও তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। বরং দেশের জার্সিতে আরেকবার পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে বিদায় নিতে চান।

সাকিব বলেন, “আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—তিন ফরম্যাটে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তারপর অবসর নেওয়া। একটি সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যেতে চাই।”

এসময় তিনি আরও জানান, এ ইচ্ছা পূরণ হবে বলেই তিনি এখনো খেলছেন এবং নিজেকে প্রস্তুত রাখছেন।

ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে কোনটিকে বেশি উপভোগ করেন—এ প্রশ্নের জবাবে সাকিব বলেন, “ব্যাটিং বেশি উপভোগ করি, কারণ এতে বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে সাফল্য এসেছে বেশি বোলিংয়ে।”

বর্তমানে সাকিব আইএলটি-টোয়েন্টি লিগে এমআই এমিরেটসের হয়ে খেলছেন।