নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ২২শে জানুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর আব্দুল্লাহ (৪) নামে এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নুর আব্দুল্লাহ ওই এলাকার নুর আলম রাসেল (৩২) ও রূপা আক্তার (২৫) দম্পতির একমাত্র সন্তান। এর আগে প্রসবকালে তাদের প্রথম সন্তান মারা যায়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।
নিহতের পরিবার অভিযোগ করে জানায়, প্রতিবেশী দ্বীন ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা করে আসছিল। মঙ্গলবার সকালে ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে বাধা দেন ভুক্তভোগী পরিবার। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের মধ্যেই শিশুটির ওপর চালানো হয় নির্মম হামলা।
নিহত শিশুর বাবা নুর আলম রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আমার স্ত্রীসহ পরিবারের সবাই আহত হয়। আমার চার বছরের শিশুকে প্রথমে লাকড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়, পরে তুলে আছাড় দিয়ে হত্যা করা হয়। আমি আমার একমাত্র সন্তান হারালাম—কার কাছে বিচার চাইব?’
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরুল মোস্তফা (৬৫), জোসনা আরা বেগম (৫৫) ও মোহাম্মদ নুর আলম (৩০)। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুর আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা মুহাম্মদ নূরুল ইসলাম (৩২) জানান, জমি দখলের আশঙ্কায় গত ১৩ জানুয়ারি জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এ ছাড়া জমি সংক্রান্ত বিষয়টি চট্টগ্রাম আদালতে ১৪৫ ধারায় বিচারাধীন রয়েছে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা হলেন— দ্বীন ইসলাম, আরিফুল ইসলাম, রহিমা বেগম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মাহফুজ, মোহাম্মদ রাজিব ও দ্বীন ইসলামের স্ত্রী রিজিয়া।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’