;

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

ছবি সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) সৃষ্টি হলো নতুন দৃষ্টান্ত। টানা দ্বিতীয়বারের মতো লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এমএলএসের তিন দশকের ইতিহাসে এই কীর্তি এর আগে আর কোনো খেলোয়াড় অর্জন করতে পারেননি।

এর আগে ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন আর্জেন্টাইন এই মহাতারকা। তাঁর নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে। ফাইনালে দুটি অ্যাসিস্ট করে দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি।

এই মৌসুমের এমভিপি নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পান তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার পেয়েছেন মাত্র ১১ শতাংশ ভোট।

মায়ামির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে ছিলেন মৌসুমের সেরা পারফরমার। টানা নয়টি ম্যাচে অন্তত তিনটি করে গোলে অবদান রেখে তিনি গড়েছেন অনন্য রেকর্ড।

এ ছাড়া এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করার নজিরও যুক্ত হয়েছে তার নামের পাশে। এর আগে সর্বোচ্চ ছিল আটটি, যা যৌথভাবে ধরে রেখেছিলেন স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচ।

এমএলএসে নিজের উপস্থিতি যে নতুন মানদণ্ড তৈরি করেছে—মেসি আবারও তা প্রমাণ করলেন।