নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ৭ই ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
গাজায় ইসরায়েলের দখলদারিত্ব স্থায়ীভাবে শেষ না হলে হামাস অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়েছে গোষ্ঠীটির শীর্ষ নেতা ও মুখপাত্র খলিল আল হায়া।
শনিবার এএফপিকে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, হামাসের অস্ত্র কেবল দখলদার শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, তাই গাজা পুরোপুরি মুক্ত না হলে অস্ত্র জমা দেওয়ার প্রশ্নই ওঠে না।
খলিল আল হায়ার ভাষায়, “যদি গাজার দখলদারিত্ব সম্পূর্ণভাবে শেষ হয়, তাহলে আমরা আমাদের সব অস্ত্র বৈধ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে জমা দেব।”
১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা কার্যকর রয়েছে। পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসের অস্ত্র জমা দেওয়া, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং বেসামরিক প্রশাসন গঠনের কথা বলা হয়েছে।
তবে অভিযোগ রয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ পুরোপুরি মানেনি ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি—যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রস্তাবের বিষয়ে হামাসের মুখপাত্র জানিয়েছেন, তারা তাতে রাজি, তবে বাহিনীটি অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে হতে হবে এবং সদস্যরা জাতিসংঘের কাছে জবাবদিহি করবে।