নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ২৫শে মে ২০২৫, ০৩:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
প্রচণ্ড গরমে ত্বক শুষ্ক, ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়ে। এই সময় ত্বককে ঠাণ্ডা ও হাইড্রেট রাখা জরুরি। এক্ষেত্রে বাজারচলতি কেমিক্যালযুক্ত পণ্য না কিনে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় কার্যকরী ও প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়ার ফেস প্যাক। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ব্যবহার করলে ত্বকে ফিরে আসে সতেজতা ও দীপ্তি।
চলুন, জেনে নিই ৫টি সহজ ও কার্যকর ফেস প্যাক।
শসা ও অ্যালোভেরা ফেস প্যাক
ত্বক ঠাণ্ডা রাখতে ও হাইড্রেশন বজায় রাখতে শসা ও অ্যালোভেরার জুড়ি নেই। একটি শসা কেটে রস বের করে নিন এবং তার সঙ্গে মিশিয়ে নিন ২ চামচ টাটকা অ্যালোভেরা জেল। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন।
এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে ঠাণ্ডা রাখে ও ময়েশ্চারাইজ করে।
ওটমিল, দই ও মধুর ফেস মাস্ক
গরমে লালচে ভাব ও ত্বকের অস্বস্তি কমাতে ওটমিল দারুণ কাজ করে। ২ চামচ ওটমিল গুঁড়া, ১ চামচ দই ও ১ চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে প্রশান্তি দেয় ও পুষ্টি জোগায়।
দই ও মধুর ফেস প্যাক
দই ও মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের গভীরে পুষ্টি জোগায় ও নরম রাখে। ২ চামচ দই ফেটিয়ে তাতে মিশিয়ে নিন সামান্য মধু।
মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তরমুজ ফেস প্যাক
গরমকালের সহজলভ্য ফল তরমুজে রয়েছে প্রচুর পানি ও ভিটামিন। যা ত্বকের আর্দ্রতা রক্ষা করে। এক কাপ তরমুজ ব্লেন্ড করে প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো মেশান। মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ত্বককে সতেজ করে তোলে।
গ্রিন টি ও পুদিনার ফেস প্যাক
ত্বক ডিটক্সিফাই করতে ও অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখতে গ্রিন টি ও পুদিনা কার্যকর। গ্রিন টি ফুটিয়ে ঠাণ্ডা করে তাতে পুদিনা পাতা মিশিয়ে ব্লেন্ড করুন। এই মিশ্রণ মুখে মেখে ২০ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেললে ত্বক টানটান অনুভব হয় ও তৈলাক্ত ভাব কমে যায়।
এই ঘরোয়া ফেস প্যাকগুলো প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় ত্বকের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় না বললেই চলে। তবে ব্যবহারের আগে একবার প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। গরমে ত্বকের সতেজতা ধরে রাখতে এগুলো নিয়মিত ব্যবহার করলেই উপকার পেতে পারেন।
সূত্র : এবিপি