;

ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

ছবি সংগৃহীত

ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ারে’ এক হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এই অর্থ দেওয়া হবে।

এ ছাড়া পরিবারটির জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ফান্ড থেকে আরও এক কোটি টাকা নগদ সহায়তা দেওয়া হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “ফ্ল্যাট কেনার জন্য ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে হাদির পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে। ফ্ল্যাট কেনার পর যদি কোনো অর্থ অবশিষ্ট থাকে, তা সরকারকে ফেরত দেওয়া হবে। পাশাপাশি প্রধান উপদেষ্টার ফান্ড থেকে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে পরিবারের জীবিকা নির্বাহের জন্য।”

এ সময় অর্থ উপদেষ্টা আরও জানান, সরকার সার, সয়াবিন তেল এবং কোস্টগার্ডের জন্য স্পিডবোট আমদানির সিদ্ধান্তও নিয়েছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অর্থ বিভাগ অনুদান প্রদানের প্রস্তাব অনুমোদন করে। তবে শর্ত হিসেবে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় যাচাই নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে।