;

এনসিপির ২৭ আসনের প্রার্থী ঘোষণা

এনসিপির ২৭ আসনের প্রার্থী ঘোষণা

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৭টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রার্থী তালিকা ও আসন চূড়ান্ত করে প্রকাশ করা হয়।

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এনসিপি মোট ৩০টি আসনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে। সে অনুযায়ী আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ায় এনসিপির আসন সংখ্যা আরও বাড়তে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

দলীয় সূত্র জানায়, প্রার্থিতার জন্য নির্বাচন কমিশনে ইতোমধ্যে এনসিপির পক্ষ থেকে ৪৭টি আবেদন জমা দেওয়া হয়েছে।

দলের ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা–১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে কুমিল্লা–৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে সারজিস আলম, ঢাকা–৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে আবদুল হান্নান মাসউদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যান্য ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তালিকায় আরও আছেন— দিনাজপুর–৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী–২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা–১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা–২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম–২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ–১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল–৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা–৯ আসনে জাবেদ রাসিন, গাজীপুর–২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ–২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর–৩ আসনে শামীম হামিদী এবং নাটোর–৩ আসনে এস এম জার্জিস কাদির।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও শিগগিরই ঘোষণা করা হবে।