নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
জার্মান গালুশ-চেঙ্কো নামের ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রীকে দেশ ছেড়ে সীমান্ত দিয়ে পালানোর সময় আটক করা হয়েছে। দেশটির ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো এ তথ্য নিশ্চিত করেছে।
বিবিসি জানিয়েছে, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত বছর তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হয়। ট্রেনে করে ইউক্রেন ছাড়ার সময় তাকে আটক করা হয়। তবে তিনি কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ‘মিদাস’ নামে একটি দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। গত বছরের নভেম্বরে প্রায় ১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠা বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার মধ্যে তিনি অন্যতম।
ইউক্রেনের দুর্নীতি দমন প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ব্যবসায়ী তিমুর মিনদিচ এই চক্রের মূল পরিকল্পনাকারী। তদন্তকারীদের অভিযোগ, জ্বালানি খাতে অবৈধ লেনদেনে মিনদিচকে সহায়তা করেছেন গালুশ-চেঙ্কো। এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা ঠিকাদারদের চুক্তি বাতিল বা অর্থ পরিশোধে বিলম্ব এড়াতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হতো।
দুর্নীতির অভিযোগের মুখে গত বছরের নভেম্বরে পদত্যাগ করেন গালুশ-চেঙ্কো। এই কেলেঙ্কারির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে নির্বাচন আয়োজনের জন্য চাপ বাড়ায়। তবে ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচন স্থগিত রয়েছে।
নাবু এক বিবৃতিতে জানিয়েছে, ‘মিদাস’ মামলার অংশ হিসেবে সীমান্ত অতিক্রমের সময় সাবেক জ্বালানিমন্ত্রীকে আটক করা হয়েছে। যদিও বিবৃতিতে সরাসরি তার নাম উল্লেখ করা হয়নি, তবে ইউক্রেনের একাধিক গণমাধ্যম গালুশ-চেঙ্কোর নাম নিশ্চিত করেছে।