;

দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নাই: জামায়াত প্রার্থী মিজানুর

দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নাই: জামায়াত প্রার্থী মিজানুর

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বাংলাদেশ জামায়তে ইসলামের মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মো. মিজানুর রহমানের একটি ওয়াজ মাহফিলের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে তিনি বলেন, “যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।”

ভিডিওতে দেখা যায়, মিজানুর রহমান কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর কাশিনাথপুরে আয়োজিত একটি মসজিদের ইসলামী জালসায় বক্তব্য দিচ্ছেন। তিনি আরও বলেন, “কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।”

ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে এবং পক্ষে-বিপক্ষে হাজারো মন্তব্য করা হয়েছে।

মিজানুর রহমান এই বিতর্ক নিয়ে বলেন, “আমি মাস দুয়েক আগে ওই জালসায় বক্তব্য দিয়েছি। ভিডিওতে যেভাবে এসেছে, আমি সেভাবে বলিনি। আমি বলেছি সকলকে কোরআনের পথে আসা বাঞ্ছনীয়। একটি পক্ষ এসব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “আগামী নির্বাচনে আমরা সিরাজগঞ্জের ৬টি আসনেই জয়লাভ করব।” তিনি আরও উল্লেখ করেন, “জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করে। ইসলামী জলসায় মানুষ কোরআন-হাদিস শুনতে যায়, সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয়।”