;

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী

ছবি সংগৃহীত

রাজশাহীতে রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী (৪৪) গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের ডাবতলা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করেছে।

পুলিশ জানায়, এক ব্যক্তি বিচারকের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাসমিন নাহার ও তার ছেলে সুমনকে কুপিয়ে আহত করে। পরে তাদের রাজশাহী মেডিক্যালে নেওয়া হলে সুমন মারা যায়। আহত বিচারকের স্ত্রী এখন অস্ত্রোপচারে রয়েছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, আহত তাসমিন নাহারের চিকিৎসা চলছে, আর আটক হামলাকারীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম লিমন মিয়া (৩৫), বাড়ি গাইবান্ধায়। তিনি ভবনের দারোয়ানকে নিজের নাম-ঠিকানা লিখিয়ে ‘বিচারকের ভাই’ পরিচয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন। প্রায় ৩০ মিনিট পর গৃহকর্মী দৌড়ে এসে জানান, বিচারকের স্ত্রী ও ছেলে আহত হয়েছেন।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কেন এই হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো বিরোধের সূত্রে এ ঘটনা ঘটতে পারে।”

পুলিশ জানায়, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। সিলেটের জালালাবাদ থানায় তার বিরুদ্ধে বিচারকের স্ত্রী পূর্বে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলেও জানা গেছে।