নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ১৪ই জানুয়ারি ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (আসন নম্বর ১৮৬) থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক গত ১৩ জানুয়ারি বিকাল ৫টার দিকে তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন, যা সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।
নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫–এর বিধি ১২(১) অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি, সেহেতু ১৩ জানুয়ারি প্রচারণা চালানো আচরণবিধির বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলা সবার নৈতিক দায়িত্ব। নির্ধারিত সময়ের আগে প্রচারণার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”