নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ১৭ই নভেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে ফের দেখা গেছে দুটি বুলডোজার। সোমবার বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজারগুলো সেখানে আনা হয়। এসময় ট্রাকের উপরে থাকা কয়েকজন যুবক মাইক হাতে স্লোগান দিতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের সদস্য বলে জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বুলডোজার নেওয়ার খবর শেয়ার করে তিনি একটি পোস্টে বলেন, “মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে। সেটাকে কীভাবে অস্বীকার করবে?”
তার পোস্টে তিনি #তুই_রাজাকার এবং #ধানমন্ডি_৩২ হ্যাশট্যাগ ব্যবহার করেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ছয় মাস পূর্তিতে, গত ৫ ফেব্রুয়ারি, একটি “বুলডোজার মিছিল” কর্মসূচির মধ্যে বাড়িটির একটি অংশ ভেঙে ফেলা হয়।
সেদিন রাত ১১টার দিকে ক্রেন ও এক্সক্যাভেটর এনে ভাঙার কাজ শুরু হয়। প্রথমে তিনতলা বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হয় এবং পরবর্তীতে অতিরিক্ত যন্ত্র যোগ করে রাতভর ভাঙার কাজ চলে। মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলেও কিছু সময় পর তারা সরে যান। রাতজুড়ে বিভিন্ন স্লোগান, মিছিল ও সঙ্গীত বাজানোর ঘটনাও ঘটে।
বর্তমানে ভাঙা স্থাপনা ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বজায় রয়েছে।